সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে চলমান তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির দেখা না থাকায় প্রচণ্ড রোদ ও দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ।
সকাল থেকেই সূর্যের প্রখর তাপ বাড়তে থাকে। দুপুর গড়াতেই প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট, হাট-বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলেও মানুষের উপস্থিতি কমে গেছে। তীব্র গরমের কারণে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে বিরূপ প্রভাব পড়েছে।
গরম থেকে স্বস্তি পেতে অনেকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। কেউ ঠান্ডা পানি, ডাব ও বিভিন্ন পানীয় পান করছেন। কোথাও কোথাও শিশু-কিশোরদের পুকুর ও নদীতে গোসল করতেও দেখা গেছে।
উপজেলার এক দিনমজুর তহুর আলী বলেন, “প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কাজ করা খুবই কষ্টকর। কিছুক্ষণ কাজ করলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। রাতেও গরমের কারণে ঠিকমতো ঘুমানো যায় না।”
বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের কারণে ক্রেতার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
স্থানীয়দের আশা, দ্রুত বৃষ্টিপাত শুরু হলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি ফিরবে এবং স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









