টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের জয়ে থ্রি পিস পরে নাচ-গান করে ফুটবল বিশ্বকাপের আনন্দ উদযাপন করতে গিয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতা বহিষ্কার হয়েছেন। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নাচ-গানের জন্য নয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক আচরণ ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
জানা যায়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল জয় পায়। সেই খুশিতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু ‘সালোয়ার-কামিজ’ পরে নাচ-গান আনন্দ উল্লাস করেন। উচ্ছ্বাসের সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্ট হয়।
এ বিষয়ে আলোচিত ওয়ার্ড বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









