ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধার, তাঁর নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রবিবার (৬ জুলাই) দুপুরে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে অসুস্থ ব্যক্তির একমাত্র মেয়ে "নাজমিন আক্তার লিজা" লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, তাঁর অসুস্থ বাবাকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রাখা হয়েছে। এ কারণে পরিবারের অন্য সদস্যরা তাঁর সঙ্গে স্বাভাবিকভাবে দেখা-সাক্ষাৎ ও যোগাযোগ করতে পারছেন না।
লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অবিলম্বে অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধার, তাঁর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









