বগুড়ার সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের জন্য মাটি খুঁড়তেই কাদা-পানির নিচে মিলেছে ৩৪০ রাউন্ড গুলি।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলসংলগ্ন ড্রেন থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় এক মাস ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। রবিবার দুপুরে শ্রমিকেরা ড্রেনের কাদা-পানি সরিয়ে মাটি খনন করার সময় হঠাৎ একসঙ্গে বেশ কিছু গুলি দেখতে পান। বিষয়টি জানানো হলে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের ধারণা, গুলিগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ হতে পারে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হওয়ার তথ্য পাওয়া যায়। লুটের পর কোনো একপর্যায়ে এসব গুলি ড্রেনের মধ্যে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
তবে উদ্ধার হওয়া গুলিগুলো সত্যিই সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘‘খননকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গুলির কার্তুজগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো কোন সময়ের গুলি, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









