নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।
রবিবার (৩০ আগস্ট) বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যক্রমে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা বলেন, ‘‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









