সোনারগাঁয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে “One Student One Tree” কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে। ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৯ হাজার ৩২০টি চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ স্টেডিয়ামে সোনারগাঁ পৌরসভা ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে ২ লক্ষ চারা রোপণের উদ্যোগ নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন।”
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল চন্দ্র পাল, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









