রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
শুনানিতে প্রসিকিউশন জানায়, আত্মসমর্পণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আত্মসমর্পণ করেননি। তাই তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদন জানায় প্রসিকিউশন।
আদালত আবেদন গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। মামলার ৪১ আসামির মধ্যে গ্রেপ্তার ১১ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছেন।এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক এবং মাহবুব উল আলম হানিফ।
এছাড়া রয়েছেন হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং ইমরান এইচ সরকার।
সাংবাদিকদের মধ্যে রয়েছেন শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মো. মোখলেছুর রহমান, আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, মো. মজিবুর রহমান, আব্দুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।
প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









