নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় ‘সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসী’ এর ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক নানা স্লোগান দেন। তাঁরা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবারভিত্তিক সচেতনতা সৃষ্টি করাও জরুরি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. এরশাদ হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সাবেক সেনা কর্মকর্তা মো. রুহুল আমিন, ওয়াপদা মোড় উপকমিটির বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর মোছা. সাবিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, সৈয়দপুরকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ থেকে বক্তারা এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি মাদকবিরোধী গণসচেতনতা কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









