চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধ ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানের নেতৃত্বে আরেকটি দল যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়। পুলিশ ধারণা করছে, অভিযুক্তরা ওই যানবাহন ব্যবহার করে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটিত করতেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার ইমরান হোসেন (২২), কুষ্টিয়া জেলার সাইফুল মণ্ডল (৪০) এবং পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি ধারালো দুধারী অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ। এসব আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় দলবদ্ধভাবে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য যাচাই করছে পুলিশ।
গোমস্তাপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









