নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গাউসিয়া মার্কেটের সামনে বড় পর্দায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার রোমাঞ্চকর ম্যাচ হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে উপভোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। মঙ্গলবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সাধারণ দর্শকদের মাঝেই বসে পুরো ম্যাচ উপভোগ করেন। তাঁর অনানুষ্ঠানিক উপস্থিতি দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ফুটবলপ্রেমী অংশ নেন। কোনো আনুষ্ঠানিক মঞ্চ বা বিশেষ ব্যবস্থার পরিবর্তে এমপি দিপু সাধারণ দর্শকদের সঙ্গে বসেই খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।
ম্যাচজুড়ে বড় পর্দার সামনে ছিল টানটান উত্তেজনা। মিশরের ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। করতালি, স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
খেলা দেখতে আসা দর্শক সোহেল মিয়া বলেন, এমপি সাহেবকে আজ আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে বসে পুরো খেলা দেখতে দেখে ভালো লেগেছে। এতে মনে হয়েছে তিনি মানুষের সঙ্গে সহজভাবেই মিশে যান।
স্থানীয়দের মতে, বড় পর্দায় খেলা দেখার এ আয়োজনটি ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। সেখানে এমপি দিপুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আন্তরিক যোগাযোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আলোচনায় আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









