কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে বন্দি আরিফুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তীব্র অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছিল। মরদেহটির ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য মরদেহটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। পরে আজ বুধবার বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









