প্রায় দুই দশক পর আবারও মিশরে কনসার্ট করতে যাচ্ছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর ঐতিহাসিক গিজার পিরামিডে পারফর্ম করবেন তিনি। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টটির আয়োজন করছে ভেঞ্চার লাইফস্টাইল। ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করার পর এবারই প্রথম মিশরে ফিরছেন শাকিরা।

এই আয়োজনটি ভেঞ্চার লাইফস্টাইলের আন্তর্জাতিক কনসার্ট সিরিজের অংশ। এর আগে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্ট আয়োজন করেছে।
শাকিরার নতুন স্প্যানিশ অ্যালবাম লাস মুজেরেস ইয়া নো লোরান (বাংলা অর্থ : নারীরা আর কাঁদে না) প্রকাশের পর বিশ্বব্যাপী চলমান পারফরম্যান্স ট্যুরের অংশ হিসেবেই এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে শাকিরা ৯ কোটি ৫০ লাখের বেশি রেকর্ড বিক্রি করেছেন। পাশাপাশি তিনি একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার জিতে লাতিন সংগীতের অন্যতম সফল বৈশ্বিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
সম্প্রতি শাকিরা ‘দাই দাই’ শিরোনামের গান প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে।
কনসার্ট প্রসঙ্গে এক বিবৃতিতে শাকিরা বলেন, মিশরের গিজার পিরামিডের সামনে আবারও পারফর্ম করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আপনাদের সবাইকে ভালোবাসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









