সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিদ আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিদ আলী উপজেলার ওই ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার যোহরের নামাজের পর অন্য কয়েকজনের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস কাটতে হাওরে যান মাহিদ। একপর্যায়ে সঙ্গীদের চেয়ে কিছুটা দূরে গিয়ে তিনি নৌকা থেকে শাপলা তুলতে শুরু করেন। এর কিছুক্ষণ পর সঙ্গীরা তার নৌকাটি ফাঁকা অবস্থায় ভাসতে দেখে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। নৌকা থেকে কিছুটা দূরে পানির নিচে শাপলা গাছে জড়ানো অবস্থায় মাহিদের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরে, তাকে পানি থেকে তুলে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন। কিশোরের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক বরাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনোজ প্রভাকর রায় জানান, ঘটনাটি থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









