ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত নারীর দুই হাতে শাখা ও চুড়ি, বাম হাতে ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী মুনসুর আলী জানান, উদ্ধার করা মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা রয়েছে এবং গলার অংশ কাটা রয়েছে। এছাড়া তাঁর দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, বাম হাতে বিশেষ ট্যাটু এবং দুই পায়ে নূপুর দেখতে পাওয়া যায়।
অর্ধগলিত ও ক্ষতবিক্ষত এই মরদেহের তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









