‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার নিবন্ধিত ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও সবজি বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মমিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ২ কেজি পলিথিন দেওয়া হয়। লেবু বাগান স্থাপনের জন্য ২০ জন কৃষক পান ৫টি করে উচ্চফলনশীল লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার। এছাড়া পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়িতে সবজি চাষের জন্য ২ হাজার ৭০০ জন কৃষককে খরিপ মৌসুমের বিভিন্ন শাকসবজি বীজের সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মমিন জানান, ঈশ্বরদী অঞ্চলে এর আগেও অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে কৃষকরা ব্যাপক সাফল্য পেয়েছেন এবং ভালো বাজারদর পেয়ে লাভবান হয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার প্রণোদনার পরিধি বাড়িয়ে কৃষকদের নতুন করে উৎসাহিত করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, কৃষিই আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং দেশকে খাদ্য ও পুষ্টিতে স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সময়মতো বিনামূল্যে এসব উন্নত জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজেদের ভাগের চাহিদা মিটিয়ে দেশের বাজারেও ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগী কৃষকদের হাতে প্রণোদনার এসব উপকরণ তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









