পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশমিনা উপজেলার মো. হৃদয় মৃধা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে বাউফল উপজেলার ৯ নম্বর কেশবপুর ইউনিয়নের মিনপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মৃধা দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. নজরুল মৃধার ছোট ছেলে। ছোটবেলা থেকেই তিনি পার্শ্ববর্তী বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে মামা রমিজ হাওলাদারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মামা বাড়ির দক্ষিণ পাশে কালাম মোল্লার ঘরের বৈদ্যুতিক আলো হঠাৎ নিভে গেলে বাল্বের হোল্ডার ও বৈদ্যুতিক লাইনের ত্রুটি পরীক্ষা করার জন্য হৃদয়কে ডাকা হয়। এ সময় তিনি মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক লাইনের সংযোগ দেওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনিসুর রহমানকে ঘটনাস্থলে ডাকা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদয় মৃধাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা বলে জানা গেলেও পারিবারিক কিছু বিষয় নিয়ে অভিযোগ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









