ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।’
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।’
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কীভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন। আমরা আরও দেখেছি ১/১১-এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।’
‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









