নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় ২২৪ জনের নাম উল্লেখসহ মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেন। থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। এদিন সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর ও বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড চালান।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








