সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালযয়ের মাঠ প্রশাসন শাখা-২ থেকে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়েছিল। তবে এক নজিরবিহীন নাটকীয়তায় তার সেই নিয়োগ বাতিল করা হয়। সূত্র জানায়, সিলেটে যোগদানের উদ্দেশে রেজা হাসান ঢাকা বিমানবন্দরে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। আজ নতুন এই প্রজ্ঞাপন জারির পর রেজা হাসানের আর সিলেটে যোগদান করা হচ্ছে না।
গত ২১ জুন সিলেটের সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। যদিও প্রজ্ঞাপনে তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এই আকস্মিক বদলি নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নিয়ে তিনি বেশি আলোচনায় আসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









