সিলেটের বিশ্বনাথে ঘরের জানালার গ্রিলে বিদ্যুতায়িত হয়ে ছায়ারুন বিবি (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন মেয়ে ফাতিমা বেগম (৩৫)।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছায়ারুন বিবি ওই গ্রামের মৃত আজমান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা-জানালা খুলতে যান ছায়ারুন বিবি। এ সময় জানালার পাশ দিয়ে অন্য কক্ষে নেওয়া একটি বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকে জানালার লোহার গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে ছিল। বিষয়টি বুঝতে না পেরে ছায়ারুন বিবি গ্রিলে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান।
মাকে ওই অবস্থায় ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান মেয়ে ফাতিমা বেগম। কিন্তু তিনিও একই গ্রিল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। ফাতিমার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক আত্মীয় দ্রুত ছুটে এসে বাড়ির মূল বিদ্যুৎ সংযোগ (মেইন সুইচ) বন্ধ করে দেন। এতে মা ও মেয়ে দুজনই মেঝেতে লুটিয়ে পড়েন।
পরে, পরিবারের সদস্যরা দ্রুত ছায়ারুন বিবিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল দে বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









