৩৯ বছর বয়সেও লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, মেসি যত দিন মাঠে খেলার সিদ্ধান্ত নেবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।
বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদান তুলে ধরে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই তিনি একই রকম পরিশ্রম করে যাচ্ছেন। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন। তার মতে, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য সুযোগ তৈরি করতে পারছেন, তখন তিনি আরও আত্মবিশ্বাসী ও কার্যকর হয়ে ওঠেন।
বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে মেসির ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে তার কোনো প্রভাব দেখা যায়নি। বরং ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।
বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।
বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণা উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, যারা মেসিকে কাছ থেকে দেখেনি, তারাই এমনটা ভাবতে পারে। তার বিশ্বাস, মেসি যত দিন খেলবেন, তত দিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা ধরে রাখবেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ। কারণ, অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
বর্তমানে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষস্থান দখল করে আছেন।
স্কালোনি আরও বলেন, প্রতিদিনের অনুশীলনে মেসির নিষ্ঠা এখনও তাকে বিস্মিত করে। তার মতে, বর্তমানের মেসি যেমন অসাধারণ, তরুণ বয়সে বার্সেলোনায় তার পারফরম্যান্স ছিল আরও অবিশ্বাস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









