সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার এক ব্যতিক্রমী চিঠি উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লেখা ওই চিঠিতে দেশে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। সিন্দুক থেকে টাকা বের করে গণনার সময় নগদ অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এই চিঠি কর্মকর্তাদের নজরে আসে।
চিঠির শুরুতে লেখক কিছুটা সংশয় প্রকাশ করে উল্লেখ করেন, তার এই চিঠিটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, তা তিনি জানেন না। এরপর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, দেশের সাধারণ মানুষ একটি নিরাপদ, শান্ত ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
চিঠিতে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা রামিসা, আছিয়া ও হাদীর মতো আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুততম সময়ে রায় নিশ্চিত করার জোর দাবি জানান লেখক।
দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে চিঠিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখক চিঠিতে উল্লেখ করেন বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।
চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে একটি স্বাক্ষর করা রয়েছে। তবে এই মোহাম্মদ জুবায়ের আহমদ আসলে কে, তার বিস্তারিত পরিচয় কী, কিংবা কখন-কীভাবে তিনি এই চিঠিটি মাজারের দানবাক্সে ফেলে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল (রহ.) এর মাজারের ডেগ ও দানবাক্সগুলো খুলে টাকা গণনা করা হয়। দ্বিতীয় দফায় ১৮ দিনের ব্যবধানে মাজারের তিনি ডেগ ও দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনা-সদৃশ ধাতব বস্তুও জমা পড়েছে। টাকা-পয়সার পাশাপাশি মাজারে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









