বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ এতিমখানা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার ছয় উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। এছাড়া বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান।
জেলা সেক্রেটারি খায়রুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর -ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুমার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার,কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক ফরহাদ হোসাইন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, হাসান রুহানী সুমন, হাজী মমতাজ আলী, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, অফিস সম্পাদক আলতাফ হোসেন আলকা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, প্রকাশনা সম্পাদক শফিউদ্দিনসহ জেলা, উপজেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই জেলা পর্যায়ে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।’’
তিনি আরও বলেন, ‘‘প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে পারেনি। ন্যায্য মজুরি, শ্রমিকের মর্যাদা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই।’’
সম্মেলনে কুষ্টিয়া সদর, মিরপুর, কুমারখালী, খোকসা, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলা এবং শহর ও শিল্পাঞ্চল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









