কিশোরগঞ্জের তাড়াইল থানার উদ্যোগে সমাজ থেকে অপরাধ দূরীকরণ ও পুলিশ-জনতার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় তাড়াইল থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা। তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।" মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ।
সভায় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









