‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রামে পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে পূবালী ব্যাংক পাটগ্রাম শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।
পাটগ্রাম পূবালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও উপশাখা ব্যবস্থাপক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট তুষভাণ্ডার শাখার এসপিও ও শাখা ব্যবস্থাপক নওশাদ আলম, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম এবং পাটগ্রাম থানার এসআই সাগর কুমার বর্মণ।
উদ্বোধনের পর ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় নিরাপদ লেনদেনের সুবিধা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নগদ বা ক্যাশ লেনদেনের পরিবর্তে নিরাপদ, দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারে গ্রাহকদের এগিয়ে আসতে হবে। ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অন্যান্য বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড (QR Code) ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করে তোলা এবং সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









