সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭) সহ মো. সজীব আহমেদ (২৫) নামে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি ধারালো রামদা ও ডাকাতির কাজে ব্যবহুত ১টি টর্চলাইট।
রবিবার (১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সজীব মিজমিজি মাইজপাড়া এলাকার মোঃ সানাউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্য সজীবকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জন ডাকাত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত সজীবের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ওই দেশি-বিদেশি অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, “আসামিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃত সজীব ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









