বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাংশ শিক্ষার্থীর টানা আন্দোলন ও বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে গত ৫ জুলাই জারি করা প্রজ্ঞাপনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) ডা. এসএম মনিরুজ্জামান (কোড-১০৯৯২৪)-কে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে বদলিপূর্বক পদায়নের যে অংশ ছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
তবে পদায়নের আদেশ বাতিলের নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল ও খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১৪টি দপ্তরে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম।
এর আগে গত ৫ জুলাই ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। পরদিন ৬ জুলাই তিনি বরিশালে যোগদান করেন।
যোগদানের পরপরই তাঁর পদায়নের বিরোধিতা করে আন্দোলনে নামে ড্যাব এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাংশ শিক্ষার্থী। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ডা. মনিরুজ্জামান শাহীন পূর্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক থাকাকালে জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং একটি শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদ থেকে অপসারণের দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করেন।
আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা স্বাস্থ্য ভবনে গিয়ে ডা. মনিরুজ্জামান শাহীনকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন এবং বিভাগীয় পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে তাঁর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।
রোববারও আন্দোলনকারীরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং অপসারণের দাবিতে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেন। একই দিন মন্ত্রণালয় থেকে তাঁর পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি হয়।
তবে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগ সম্পর্কে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ও পদায়ন বাতিলের পেছনের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









