সিলেটের গোয়াইনঘাটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক বন্যা প্রস্তুতি তুলে ধরে জানানো হয়, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যা কবলিত মানুষের জন্য ৫৮টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ), পর্যাপ্ত মেডিকেল টিম এবং উদ্ধারকাজের জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বন্যা শুরুর আগেই আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে আলো, বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের কোনো সংকট না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকেরা দ্রুত উদ্ধারকাজে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার বলেন, সরকারিভাবে ত্রাণ সামগ্রী ও শুকনা খাবার মজুত রাখা হয়েছে। দুর্যোগের তীব্রতা অনুযায়ী দ্রুততম সময়ে তা বিতরণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।বক্তারা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে গর্ভবতী নারী, শিশু ও গবাদি পশুর নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।
সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









