টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত রাউজান পৌরসভার ৫ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ জুলাই (রবিবার) রাউজান পৌরসভার উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডের সৈয়্যদপাড়া এবং ৫ নম্বর ওয়ার্ডের বাছা মিয়া সওদাগর বাড়ি সংলগ্ন এলাকায় ডাবুয়া খালের ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ডাবুয়া খালের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতি নিরসন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান।
এসময় রাউজান উপজেলা, পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









