গাজীপুর মহানগরের সদর থানাধীন দাখিনখান মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন চিহ্নিতসহ ৩-৪ জন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নি.) সৈয়দ মিজানুল ইসলামের নেতৃত্বে ডিবি (দক্ষিণ) পুলিশের একটি দল দাখিনখান মধ্যপাড়ায় মোমেন ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি টিনশেড ভবনে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১২টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত ৬০ লিটার দেশীয় চোলাই মদ, ২৯টি ড্রামে রাখা প্রায় ১ হাজার ৪৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মদ উৎপাদনে ব্যবহৃত দুটি স্টেইনলেস স্টিলের ট্যাংক জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোলাই মদ ও ওয়াশের মোট পরিমাণ ১ হাজার ৫১০ লিটার।
পুলিশ জানায়, জব্দকৃত মাদক ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং উৎপাদন সরঞ্জামের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ ঘটনায় মো. কামরুজ্জামান মিরাজ (৩৩), মো. রুবেল মিয়া (৩৮) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নি.) মো. শফিকুল ইসলাম।
ডিবি পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত বর্তমানে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের হেফাজতে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









