নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় স্বচ্ছ লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত লটারিতে ১৭৫ জন আবেদনকারীর মধ্য থেকে ৩০ জন নারী শ্রমিককে নির্বাচন করা হয়। উপজেলার চারটি গ্রুপে ৭ জন থেকে ৮ জন শ্রমিক নির্বাচিত হন। প্রতিটি গ্রুপে ২২ থেকে ৭০ জন পর্যন্ত আবেদনকারী ছিলেন। সকল আবেদনকারীর উপস্থিতিতেই উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে লটারি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচিত নারী শ্রমিকদের দৈনিক হাজিরা ৩৫০ টাকা নির্ধারণ করা হলেও এর মধ্যে ১১০ টাকা সঞ্চয় হিসেবে সংরক্ষণ করা হবে। বাকি ২৪০ টাকা মাস শেষে ব্যাংকের মাধ্যমে তাদের হিসাবে পরিশোধ করা হবে। তিন বছর মেয়াদি এ কর্মসূচি শেষে জমাকৃত সঞ্চয়ের অর্থ এককালীন চেকের মাধ্যমে প্রদান করা হবে।
লটারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাফিল শেখ।
অনুষ্ঠান শেষে নির্বাচিত ও অন্যান্য আবেদনকারী নারী শ্রমিকরা বলেন, উন্মুক্ত ও নিরপেক্ষ লটারির মাধ্যমে নির্বাচন হওয়ায় তারা সন্তুষ্ট। ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









