বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিত কোনো নাশকতার চেষ্টা ছিল-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হলে মহাসড়কের দুই পাশে হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন। বিভিন্ন স্থানে থেমে থেমে তিনি জনতার শুভেচ্ছার জবাব দেন এবং হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বহরের একটি বাসের ভেতরে দাঁড়িয়ে পথের দুই পাশের জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে একটি ইটের টুকরা এসে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা সদস্যরা সতর্ক হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রীর সফরসূচিতে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তদন্তকারীরা ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করছেন।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, "বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইটের টুকরা বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, এটি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে কিনা-তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরো বলেন,“পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।”
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









