রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









