দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী এক "জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা" শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। 'সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ'-এর আয়োজনে এই অনুষ্ঠানটি আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সার্বিক সহায়তা প্রদান করছে।
উদ্বোধনী অধিবেশনে বক্তারা নারী ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল কুদ্দুস, সিসিডিবির 'সমান আওয়াজ' প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, হেড অফিসের মনিটরিং অফিসার ইবনে আজম বাধনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, সিসিডিবি-এর সিএসও সদস্য ও যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









