সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তবু নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে জসপ্রীত বুমরাহর খেলার সম্ভাবনা প্রায় নেই। ভারতীয় বোর্ড টেস্ট সিরিজে বুমরাহকে চাইছে। সেই কারণে ভারতীয় পেসারকে সাবধানে ব্যবহার করতে চাইছে তারা।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, সুস্থ হয়ে উঠলেও বুমরাহর ওয়ার্কলোড বাড়ানোর চেষ্টা করছে বোর্ড। সেই কারণে ভারত ‘এ’ দলের হয়ে খেলানো হবে তাকে। তারপরে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত অহমদাবাদে অনুশীলন করছেন বুমরাহ।
৬ নভেম্বর থেকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ শুরু ভারত ‘এ’ দলের। প্রথম টেস্টে শুরু ১৯ নভেম্বর। ফলে সময় আছে। তবে তিনটি ম্যাচেই খেলবেন না বুমরাহ। ভারত ‘এ’ দলের হয়ে তৃতীয় ম্যাচে খেলবেন তিনি। তার পর ওয়েলিংটন টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই ভারতীয় পেসার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, “বুমরাহ ১০০ শতাংশ ফিট। কিন্তু লম্বা সফরের ধকল নেওয়া ওর পক্ষে কঠিন। আপাতত ও লাল বল দিয়েই অনুশীলন করছে। তাই হঠাৎ ওকে সাদা বলের সিরিজে খেলানোর কোনও মানে নেই। সেই কারণেই টেস্টের জন্য বুমরাহকে তৈরি করা হচ্ছে।”
হাঁটুর চোটে চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে খেলতে পারেননি বুমরাহ। সেখানে একটি টেস্ট ড্র করতে হয়েছে ভারতকে। তাতে সমস্যা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। সেখানে দু’টি টেস্ট জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকা মুশকিল। সেই কারণেই বুমরাহের উপর ভরসা করেছে বোর্ড। তাই বিশেষ পরিকল্পনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









