আইপিএলের আগামী মৌসুমে আরও একবার একসঙ্গে মাঠে দেখা যাবে সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হয়েছেন সৌরভ। যুবরাজ হয়েছেন সহকারী তথা ব্যাটিং কোচ।
দিল্লির কোচিং দলে যোগ দেওয়ার আগে যুবরাজকে কী প্রশ্ন করেছিলেন সৌরভ, সে কথা ফাঁস করেছেন যুবি নিজেই।
২০০০ সালে সৌরভের অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল যুবরাজের। তিনি অনেক বার জানিয়েছেন, তার সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল সৌরভের। এ বার তারা জুটি। দিল্লি ক্যাপিটালস তাদের ইউটিউবের পাতায় যুবরাজের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে গোপন কথা ফাস করেছেনিতিনি।
দিল্লিতে যোগ দেওয়ার আগে সৌরভের সঙ্গে কথা হয়েছিল যুবরাজের। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “দাদা আমাকে প্রশ্ন করেছিল, ‘তুমি কি আমার সহকারী হবে?’ আমি বলেছিলাম, ‘গত ২৫ বছর ধরে আমি তোমার সহকারী। আমি তো সেই একই কাজ করব।’
আইপিএলে নতুন দায়িত্ব পেয়ে খুব খুশি যুবরাজ। শুভমন গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটারের উত্থানের নেপথ্যে থাকা যুবরাজ বলেন, “আমার খুব ভাল লেগেছিল। গত তিন-চার বছর ধরে এই ধরনের কাজের জন্যই নিজেকে তৈরি করেছি। আলাদা করে ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছি। কিন্তু এভাবে একটা গোটা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রথমবার হবে।”
ক্রিকেটার হিসেবে সৌরভের কাছে যা শিখেছেন, সেই শিক্ষা দিল্লির ক্রিকেটারদের দিতে চান যুবরাজ।
তিনি বলেন, “দাদার কাছে সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি, তা হল, কী ভাবে একটা ফুরফুরে সাজঘর তৈরি করা। আমার শুরু তার অধিনায়কত্বে হয়েছিল। দাদা আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিল যে, আমরাই সেরা। দেশের বাইরেও আমরা জিততে পারি। আমি তাকে বরাবর আমার বড় দাদা হিসেবেই দেখে এসেছি। সেই দাদার সঙ্গে এবার কাজ করব।”
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









