নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) বিতর্কিত সভাপতি ইয়াসিন আলী। তবে ‘ব্যক্তিগত কারণ ও মাস্টার্সের থিসিসের ব্যস্ততা’ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তীব্র সমালোচনার মুখে বুধবার রাতে মডারেটর বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন সভাপতি। এর আগে সংগঠনটির বিভিন্ন হল সভা থেকে ওয়াকআউট, উদ্বেগ প্রকাশ এবং সাধারণ সম্পাদকসহ উপদেষ্টামণ্ডলীর বিভিন্ন পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন অন্য সদস্যরা। সংগঠনটির মডারেটর ও সহকারী মডারেটরের ‘একপাক্ষিক’ সিদ্ধান্তের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ নেতৃবৃন্দের।
জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসিন আলী কর্তৃক নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ প্রমাণিত হলেও তাকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং একে ‘একপাক্ষিক সিদ্ধান্ত’ দাবি করে সভা থেকে ওয়াকআউট করেন ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা।
পরে সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিশিয়াল পেজ থেকে যৌথ বিবৃতি দেয় শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি ও লালন শাহ হল ডিবেটিং সোসাইটি। এ সময় বিতার্কিক অঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
পরদিন বুধবার (১৪ অক্টোবর) দুপুরে একে একে সংগঠনটির সাধারণ সম্পাদক লাবিদ ইফতি, সহসভাপতি রাহাত আব্দুল্লাহ এবং প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর পদত্যাগের ঘোষণা দেন।
সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী বলেন, “গত সন্ধ্যায় সে অব্যাহতি চেয়েছিল। আজ আমরা অব্যাহতি মঞ্জুর করেছি। পরবর্তীতে সংগঠনটি গতিশীল করার লক্ষ্যে উপদেষ্টামণ্ডলীকে নিয়ে আলোচনা করে কার্যক্রম স্বাভাবিক করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









