সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের মানিকগঞ্জ বাজার সংলগ্ন কাপনা নদীর ওপর নির্মিত একটি সরু ব্রিজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। প্রায় দুই যুগ আগে নির্মিত এই সংকীর্ণ ব্রিজটির প্রস্থ মাত্র ৬ থেকে ৭ ফুট। ফলে হাকুর বাজার-মানিকগঞ্জ সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পর্যটকদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কটি অত্র এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক ব্যবহার করে গোয়াইনঘাট সদর ও ডৌবাড়ী এলাকার বাসিন্দারা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সিলেটের বিখ্যাত সোয়াম্প ফরেস্ট ‘রাতারগুল’ এবং সিলেট শহরে যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কে এমন অপ্রশস্ত ব্রিজের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে এই খালের ওপর একটি প্রশস্ত ও মজবুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
ডৌবাড়ী ইউনিয়নের বাসিন্দা সাদিকুর রহমানসহ একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি অত্যন্ত সরু হওয়ায় একদিকের একটি গাড়ি পার হওয়ার সময় অন্য পাশের সব যানবাহনকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বড় সংকট তৈরি হয় জরুরি মুহূর্তে, কোনো রোগীবাহী অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো যাতায়াত করতে পারে না। ৬-৭ ফুটের একটা ব্রিজ দিয়ে বর্তমান সময়ে এত মানুষের চলাচল কোনোভাবেই সম্ভব নয়।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও পর্যটক চলাচল করেন। পর্যটন মৌসুমে এই ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যায়। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এসে জ্যামে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হন। তাই এখানে দ্রুত একটি নতুন ও বড় ব্রিজ নির্মাণ করা জরুরি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহমদ বলেন, “কাপনা নদীর ওপর নির্মিত এই পুরোনো ও সরু ব্রিজটির কারণে জনগণের সাময়িক যে সমস্যা হচ্ছে, তা আমরা অবগত আছি। আমরা ইতিমধ্যে ওই স্থানে একটি নতুন, বড় এবং মজবুত ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। ফান্ড বা বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণ কাজ শুরু করা হবে।”
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “মানিকগঞ্জ বাজারের পাশের কাপনা নদীর ব্রিজটি সরু হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং রাতারগুলে যাওয়া পর্যটকদের যাতায়াতে সমস্যা হচ্ছে। জনস্বার্থে এই সড়কে একটি প্রশস্ত ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









