যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, এলজিইডি ও ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠাকুরগাঁও জেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









