গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে ‘এসসিআই’ (SCI) কর্মসূচির আওতায় জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এ সময় উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টারসহ (ইউআরসি) শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, “Sustainable Campus Initiative (SCI): An Integrated Model for Equitable and Quality Education” কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্ষমতা যাচাই করা হবে। এই জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি টেকসই ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়গুলোর বাস্তব চিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসসিআই কর্মসূচির মাধ্যমে পরিচালিত এই জরিপ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই জরিপ কার্যক্রম ধাপে ধাপে উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









