পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ উপলক্ষে ভোররাত পর্যন্ত এলাকায় মানুষের উপস্থিতি ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে সেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল দুটি গাড়ি নিয়ে মথুরাপুরের দোপপাড়া এলাকায় অভিযান চালায়।
পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।
তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না। তাই ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।
আব্দুল ওহাবের দাবি, রাতে খেলা দেখার পর স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি শুনেছেন।
ঘটনার বিষয়ে পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসুস্থ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









