বিশ্ব সাপ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে যোবায়ের আহমেদের বাড়ি থেকে হাঁস ও মুরগির কয়েকটি বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দেয়ালের ওপর একটি অজগর সাপকে পাশের একটি গাছের দিকে যেতে দেখে বিষয়টি বুঝতে পারেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়া হাঁস-মুরগির বাচ্চাগুলো ওই অজগরটিই খেয়েছিল।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, হস্তান্তর করা অজগর সাপটি বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ব সাপ দিবসে এ ধরনের উদ্ধার অভিযান বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









