সিলেটের গোয়াইনঘাটে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও একটি মোটরসাইকেলসহ গিয়াস উদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজে অভিযান চালায়। এ সময় গিয়াস উদ্দিনকে আটক করে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ বোতল 'অফিসার চয়েজ' এবং ৯ বোতল 'রয়েল গ্রিন' মদ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









