একসময় জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করা প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। বিশেষ করে তার প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার এক পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
পডকাস্টে উপস্থাপকের প্রশ্নের জবাবে দীঘি জানান, তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। এমনকি সুযোগ পেয়েও কখনো প্রেম করেননি বলে দাবি করেন তিনি।
দীঘি বলেন, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নজরদারির মধ্যে বড় হয়েছেন তিনি। ক্লাস সিক্স থেকে তার চলাফেরায় নানা বিধিনিষেধ ছিল। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।
অভিনেত্রীর মতে, দীর্ঘদিনের এই নিয়ন্ত্রণের কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ কোনোটিই তৈরি হয়নি।
তবে অতীতে দীঘিকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের খবর আলোচনায় আসে। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি নিয়েও তৈরি হয়েছিল আলোচনা।
যদিও দীঘি বরাবরই এসব গুঞ্জন অস্বীকার করে জানিয়েছেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। সাম্প্রতিক সাক্ষাৎকারেও একই কথা পুনর্ব্যক্ত করে দীঘি জানান, ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









