টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বংশাই নদীর ওপর ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদার বাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় বংশাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ৬ জন বিদ্যুতায়িত হন। তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনায়েতুর রহমান বলেন, ওই ঘটনায় হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত চিকিৎসাধীন ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









