নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ার নামে দুই মাদক কারবারি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে আয়োজিত মাদকবিরোধী সভায় ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে মুচলেকা দেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এলাকার উঠতি বয়সী অনেক যুবক নেশার দিকে ঝুঁকে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে শনিবার সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক মাদকবিরোধী সভার আয়োজন করেন। সভায় এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ারকে উপস্থিত করা হয়। সেখানে তাদের বিষয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা করা হয়। একপর্যায়ে নিজেদের ভুল বুঝতে পেরে তারা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
মাদকবিরোধী সভায় জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, প্রমূখ।
মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে মাছুম ভূঁইয়া বলেন, “এক সময় আমি ভুল করেছি। এ ভুল আর করব না। সমাজকে ভালো রাখার জন্য আমি এ ব্যবসা ছেড়ে দিলাম। ভবিষ্যতে মাদক ব্যবসার মন-মানসিকতা তৈরি হলে আমি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেব।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার বিষয়টি ইতিবাচক। তবে এ বিষয়ে নজরদারি বাড়িয়ে তাদের এ পেশা থেকে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









