সরকারের আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপের কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রবিবার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গত মানুষের কথা বিবেচনায় রেখে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এছাড়াও পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। সরকারের আগাম প্রস্তুতি, প্রশাসনের তৎপরতা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ফলে এবারের বন্যায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।”
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে বিকেল খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









