সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বন্যাদুর্গত ৩০টি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
মঙ্গলবার (২১ জুলাই) ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ উদ্যোগে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমানিপুর গ্রামে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। বন্যার কারণে খাদ্যসংকট ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহ, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিনসহ স্থানীয়রা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ থাকবে।’
মহাসচিব শফিকুল ইসলাম বাবু বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একটি পরিবারেরও কষ্ট কিছুটা লাঘব করতে পারে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









