দীর্ঘ প্রায় ১২ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা নরসিংদীর শালিধা পৌর কবরস্থানের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে মৃত ব্যক্তিদের দাফন করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এছাড়া কবরস্থানটি ধীরে ধীরে ঝোপঝাড় ও বনজঙ্গলে পরিণত হয় এবং মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডাখানায় রূপ নেয়, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এ অবস্থার পরিবর্তনে কবরস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং সার্বিক উন্নয়ন ও সংস্কারের কাজ হাতে নিয়েছে নরসিংদী জেলা ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংস্কার কার্যক্রম পরিদর্শনে এসে নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন এবং সদস্য সচিব শামিম সরকার এ উদ্যোগের প্রশংসা করেন। তারা কবরস্থানের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বি,সহ সভাপতি- আল নাহিয়ান চৌধুরী মনির, নুর মোহাম্মদ, বরকত উল্লাহসহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা কবরস্থানের উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, সংস্কার কাজ সম্পন্ন হলে কবরস্থানটি আবারও পরিচ্ছন্ন, নিরাপদ ও দাফনের উপযোগী পরিবেশ ফিরে পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









