ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আলোচনায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। টুর্নামেন্ট চলাকালে মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন তিনি।
তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হলে সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে পরীমণি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
এরপর বুধবার (২২ জুলাই) ফেসবুকে আরও একটি হাস্যরসাত্মক পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।* পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে লেখা ছিল—‘পারেদেসের লাল কার্ড বাতিল করল ফিফা।’ সেই প্রসঙ্গ ধরেই মজার ছলে মন্তব্য করেন পরীমণি।
বিশ্বকাপ চলাকালে বিভিন্ন সময়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন পরীমণি। কখনো আর্জেন্টিনার জার্সি পরে ভিডিও শেয়ার করেছেন, আবার কখনো ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ফাইনালে স্পেনের ১-০ গোলের জয়ের পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে কিছুক্ষণ পর সেটি সরিয়ে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্যও জানানো হয়নি।
তবে ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসের বিরুদ্ধে আলাদা করে ব্যবস্থা নেওয়া হতে পারে। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং পরে মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









